Brick Lane News

পুলিশের আগ্রাসী মনোভাব নিয়ে প্রশ্ন আজহারীর

প্রকাশিত ৭ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:৫৫ এএম

জাতিসংঘের তত্ত্বাবধানে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পুলিশের আচরণকে ‘অযৌক্তিকভাবে আগ্রাসী’ বলে মন্তব্য করেন।

পোস্টে আজহারী বলেন, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশ উৎসাহের সঙ্গে ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ করছে। তিনি লেখেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সহিংসতা ছাড়াও বিকল্প উপায় ছিল। অতীতে এক পুলিশ কর্মকর্তার সংযত আচরণ প্রশংসিত হওয়ার উদাহরণ টেনে তিনি প্রশ্ন করেন, তাহলে এবার কেন এতটা কঠোরতা দেখানো হলো।

তিনি আরও বলেন, বিচার দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর এমন নিষ্ঠুর আচরণ অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আরও দায়িত্বশীল, পেশাদার ও মানবিক আচরণ প্রত্যাশিত।

ইনকিলাব মঞ্চের সমাবেশে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে আজহারী বলেন, এ ধরনের আচরণ জনমনে ভীতি সৃষ্টি করে এবং ন্যায়বিচারের দাবি দুর্বল করে দেয়।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি