Brick Lane News

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত

প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০২৬ । ৩:৪৬ এএম

প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্ধারিত দিনে এই আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো সংসদীয় আসনে ভোটের আগে বৈধ প্রার্থীর মৃত্যু হলে আইন অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম বাতিল করবেন। পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। নতুন তফসিল ঘোষণার পর যেসব প্রার্থী আগে বৈধ হিসেবে ঘোষণা পেয়েছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা বা জামানত দেওয়ার প্রয়োজন হবে না। তবে নতুন কোনো যোগ্য ব্যক্তি চাইলে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

এই আসনে বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।

শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। এখানে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি