Brick Lane News

বাংলাদেশের আলোচিত পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০৮ পিএম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রথম সৌজন্য বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক ইস্যুতে সমন্বয় জোরদারের বিষয় গুরুত্ব পায়।

সোমবার সকালে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই প্রাথমিক বৈঠক ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি