বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ঠিকভাবে ধারণ করতে হয় এবং ভাষাকে মায়ের ভাষা হিসেবে সম্মান করতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।
শনিবার সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ব্রিটিশ শোষণের কারণে দেশের রাষ্ট্রভাষা চেপে ধরা হয়েছিল এবং ১৯৫২ সালে যারা জীবন দিয়েছেন, তারা ভাষা রক্ষার বীজ বপন করেছেন।
মন্ত্রী টুকু তরুণদের উদ্দেশে বলেন, নিজের ভাষা ও দেশের প্রতি জাতীয়তাবোধ নিজেই গড়ে তুলতে হবে, অন্য কেউ তা করবে না। ভাষা ও দেশের প্রতি অবহেলা করলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।





