Brick Lane News

এমপি বানালে ফ্রি ওয়াজের ঘোষণা তাহেরীর

প্রকাশিত ৭ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:২৬ এএম

গজলের সুরে শুরু, শেষটা ভোটের আহ্বানে ব্যতিক্রমী প্রচারণায় আলোচনায় এসেছেন হবিগঞ্জ-৪ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। সম্প্রতি মাধবপুর উপজেলার শাহপুর বাজারে তাঁর এই ভিন্নধর্মী নির্বাচনী প্রচারণা স্থানীয়দের দৃষ্টি কাড়ে।

প্রচারণার শুরুতেই তিনি গজলের সুরে উপস্থিত মানুষের সঙ্গে একযোগে কণ্ঠ মেলান। ধর্মীয় আবহে কিছুক্ষণ গজল পরিবেশনের পর হঠাৎই পরিবেশ বদলে যায়। শান্ত অথচ আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “ভাইজান, বাজান ভোটটা দিয়েনও।” মুহূর্তেই উপস্থিত জনতার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

প্রচারণার শেষ পর্যায়ে মাইক হাতে নিয়ে তাহেরী ঘোষণা দেন, তিনি নির্বাচিত হলে মাধবপুরে নিয়মিত ‘ফ্রি ওয়াজ’ আয়োজন করা হবে। তাঁর এই বক্তব্য ও প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা আলোচনা তৈরি করে।

এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তাঁর নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন। পাশাপাশি ভোটারদের কাছে দোয়া কামনা করে আরও ১১টি পথসভা করার ঘোষণা দিয়ে তিনি স্থান ত্যাগ করেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি মনোনীত এস এম ফয়সল এবং ইসলামিক ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী।

এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বাসদের মো. মুজিবুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, মুসলিম লীগের শাহ মো. আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও এস এ সাজন।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি