Brick Lane News

শহিদ মিনারে রুমিন ফারহানাকে হেনস্তা; বিএনপির দেড়শ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও তাঁর কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রোববার দুপুরে আহাদ নামের রুমিন ফারহানার এক কর্মী সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, একুশের প্রথম প্রহরে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগও রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকেরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

এ বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি