Brick Lane News

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের অকাল প্রয়াণ

প্রকাশিত ৪ ফেব্রুয়ারি ২০২৬ । ৫:০৪ এএম

শোকে মুহ্যমান কমিউনিটি

ব্রিকলেন অনলাইন ডেস্ক-

বার্মিংহাম ও বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বার্মিংহামভিত্তিক বিশিষ্ট সাংবাদিক, এটিএন বাংলা ইউকের ব্যুরো প্রধান এবং বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের সহসভাপতি কায়ছারুল ইসলাম সুমন।

পারিবারিক সূত্র ও সহকর্মীদের বরাতে জানা গেছে, গত ৪ জানুয়ারি তিনি বাংলাদেশে নিজ এলাকা বড়লেখায় অবস্থানকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বাংলাদেশ সময় ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সুমন পরিবার নিয়ে সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন। জানা গেছে, মৃত্যুর আগের দিনই তিনি লন্ডনের উদ্দেশ্যে স্ত্রীকে বিদায় দেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।

বার্মিংহামের গণমাধ্যম মহলে কায়ছারুল ইসলাম সুমন ছিলেন একজন স্পষ্টবাদী, নির্ভীক ও দায়িত্বশীল সংবাদকর্মী। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানা সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত প্রতিবেদন করতেন। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের কাছে তিনি ছিলেন সদালাপী ও মানবিক একজন সাংবাদিক।

তার আকস্মিক মৃত্যুতে বড়লেখা ও বার্মিংহাম—দুই জায়গাতেই শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য সাংবাদিক, রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই তাকে স্মরণ করেছেন একজন নিবেদিতপ্রাণ গণমাধ্যমকর্মী হিসেবে।

পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হচ্ছে—মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন, আমিন।

ব্রিকলেন পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি