Brick Lane News

দেশের বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ । ৩:৩০ পিএম

দেশের রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করতে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকার হিসেবে রুগ্ন ও বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

নির্দেশনায় বিশেষভাবে বন্ধ পাটকল ও চিনি কল পুনরায় চালুর কথা বলা হয়েছে। সেখানে পূর্বের শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকার দ্রুত পদক্ষেপ নিতে চায়। শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি কাজ শুরু করেছে। বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান চালু করতে সম্ভাব্য বিনিয়োগ কাঠামো ও অংশীদারিত্বের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি