স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় সভাপতি নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার পদত্যাগের পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন নির্বাচনে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাপোর্তা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট।
ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ এ নির্বাচনে সাবেক তারকা ফুটবলারদের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন দিয়েছেন। তবে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি এ বিষয়ে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট–এর বরাতে ইয়াহু স্পোর্টস জানিয়েছে, বার্সেলোনার চলমান নির্বাচনে মেসি ভোট দেবেন না এবং কোনো প্রার্থীর পক্ষেও অবস্থান নেবেন না। তিনি কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎও করবেন না, এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক বর্তমানে কার্যত বিচ্ছিন্ন। তবুও তিনি এবার নির্বাচনী প্রক্রিয়া থেকে পুরোপুরি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যা আগের নির্বাচনগুলোর তুলনায় বড় পরিবর্তন। অতীতে বার্সেলোনার নির্বাচনে নিয়মিত ভোট দিয়েছেন মেসি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন আর্জেন্টাইন তারকা। তিনি মনে করছেন, তার সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। এ কারণেই প্রকাশ্যে কোনো মন্তব্য বা অবস্থান নিতে চান না। ব্যস্ত পেশাদার জীবন ও যুক্তরাষ্ট্রে অবস্থান করাকেই নির্বাচনে অংশ না নেওয়ার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।





