ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা কার্যালয় খুলেছেন। রোববার বিকালে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় দলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-২৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা দলের নামে বিভিন্ন স্লোগান দেন।
উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে কার্যালয়ে গিয়েছেন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।”
তিনি আরও জানান, পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ ও উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমে নতুন গতি আনা হবে।





