Brick Lane News

দুদিনের ব্যবধানে বাবা-মায়ের মৃত্যু, হাতকড়া পরে আবার জানাজায় দুই ভাই

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৮ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় দুই দিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়েছেন কারাগারে থাকা দুই সহোদর ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল। মায়ের মৃত্যুর পর শনিবার এবং বাবার মৃত্যুর পর সোমবার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই জানাজা ও দাফনে অংশ নেন তারা।

সোমবার বার্ধক্যজনিত কারণে মারা যান তাদের বাবা নূর আহমদ (৯০)। মঙ্গলবার দুপুরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় কারাগার থেকে কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে উপস্থিত ছিলেন ফরিদুল ও ইসমাইল।

এর আগে গত শনিবার একই স্থানে তাদের মা মোস্তফা বেগমের (৮০) জানাজা অনুষ্ঠিত হয়। সেদিনও প্যারোলে এসে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছিলেন দুই ভাই।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস ধরে তারা কক্সবাজার কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে।

স্বজনদের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম বলেন, তাঁর স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। মিথ্যা মামলায় তাকে ও তার ভাইকে হয়রানি করা হচ্ছে।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাজা মিয়া বলেন, ফরিদুল আলম দীর্ঘদিন ধরে পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত এবং স্থানীয়ভাবে ‘ফার্ম ফরিদ’ নামে পরিচিত। দুই ভাই কখনো আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনো কমিটিতে ছিলেন না। তাদের ষড়যন্ত্র করে রাজনৈতিক মামলায় জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মানবিক বিবেচনায় বাবা-মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য তাদের কয়েক ঘণ্টার প্যারোল দেওয়া হয়।

Related Posts

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ছিল পরিকল্পিত : বিশ্লেষণ স্টার-ডিসমিসল্যাবের

গত বছরের ১৮ ডিসেম্বর রাতে রাজধানীতে দেশের শীর্ষ দুটি সংবাদপত্র দ্য ডেইলি স্টার ও প্রথম আলো এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি