থাইল্যান্ডের ফুকেট উপকূলে পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ ডুবে গেছে। মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে দুর্ঘটনার শিকার হয় জাহাজটি। এতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নৌবাহিনী।
পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ নামের জাহাজটি শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফুকেট উপকূলের কাছে কাত হয়ে ডুবে যেতে শুরু করে। দুর্ঘটনার সময় জাহাজটি ৩০ ডিগ্রি হেলে পড়ে এবং দুই শতাধিক কন্টেইনার সাগরে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে জাহাজ থেকে বিপুল পরিমাণ তেল পানিতে ছড়িয়ে পড়েছে।
জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি ডুবে যেতে শুরু করলে থাই নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাহাজের ক্যাপ্টেন নৌযানটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। জাহাজে থাকা ১৬ নাবিকের সবাই বাংলাদেশি। তাঁদের উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নেওয়া হয়েছে। নাবিকরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় এবং ১২ ফেব্রুয়ারি বন্দরে পৌঁছানোর কথা ছিল। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর থাই নৌবাহিনী, ফুকেট দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন কর্তৃপক্ষ, সামুদ্রিক পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ, ভেসে যাওয়া কন্টেইনার উদ্ধার ও সাগরে ছড়িয়ে পড়া তেল অপসারণে কাজ শুরু করেছে।





