প্রিমিয়াম ফেব্রিক ও আধুনিক ডিজাইনের জন্য পরিচিত পাকিস্তানি লাইফস্টাইল ব্র্যান্ড সাফায়ার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকায়। রাজধানীর যমুনা ফিউচার পার্কে সম্প্রতি উদ্বোধন করা হয় ব্র্যান্ডটির প্রথম আউটলেট।
বাংলাদেশে ব্র্যান্ড প্রমোটর হিসেবে যুক্ত হয়েছেন মডেল বারিশা হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওহিদুল হক, ব্যবস্থাপনা পরিচালক ফারহানা আক্তার এবং মিরর ম্যাগাজিনের সিইও রাজু।
উদ্যোক্তারা জানান, সাফায়ার তাদের পণ্যে উচ্চমানের কাপড় ও সমসাময়িক প্রিন্টকে অগ্রাধিকার দিচ্ছে। আন্তর্জাতিক মান বজায় রেখেও পণ্যের মূল্য মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে।
উদ্বোধনের প্রথম দিন থেকেই ক্রেতাদের ব্যাপক সাড়া দেখা যায়। সাজসজ্জা ও আধুনিক ডিসপ্লেতে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন কালেকশন। দিনভর দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর ছিল শোরুম।
উত্তরা থেকে ঈদের কেনাকাটায় আসা এক ক্রেতা জানান, ব্র্যান্ডটির নকশা ও ফেব্রিকের মান তাকে আকৃষ্ট করেছে। তার মতে, অনন্য ডিজাইনের পোশাক সাধারণত বেশি দামের হলেও এখানে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে বারিশা হক বলেন, বিশ্বব্যাপী সাফায়ারের বহু ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এতদিন বিদেশ থেকে বা অনলাইনে পণ্য সংগ্রহ করতে হতো। এখন দেশে সরাসরি কেনাকাটার সুযোগ তৈরি হওয়ায় তিনি আনন্দিত।





