অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা বলে মন্তব্য করেছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (১৫ জুন) সকালে নিজের ভেরিফায়েড পেযে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
ওই পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল ২২০ বিলিয়ন ডলার। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, মাত্র ৪০ বিলিয়ন ডলার হলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব।
তিনি আরও লেখেন, একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।
এছাড়াও একটি জরিপের কথা উল্লেখ ওই পোস্টের মন্তব্যে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে পৃথিবী কী পরিমাণ করপোরেট ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে, সে বিষয়ে একটি জরিপ চালিয়েছে মানবসম্পদ, বেতন ও কর্মী ব্যবস্থাপনা-সংক্রান্ত আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্ম ‘ইউকেজি’।
মন্তব্যে তিনি আরও লেখেন, চলতি বিশ্বকাপে করপোরেট দুনিয়ায় দুই লাখ কোটি টাকা ক্ষতি হতে পারে বলে তাদের জরিপে উঠে এসেছে। জরিপের তথ্য বলছে, বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচির সঙ্গে মিলিয়ে বিশ্বজুড়ে প্রায় ৩৭ শতাংশ কর্মী তাদের কাজের রুটিন পরিবর্তন করার পরিকল্পনা করছেন। এছাড়া ২৭ শতাংশ কর্মী সরাসরি জানিয়েছেন, তারা দেরিতে অফিসে এসে আগেভাগে চলে গিয়ে কিংবা পুরোপুরি অনুপস্থিত থেকে কর্মদিবস ফাঁকি দিতে পারেন।