Brick Lane News

নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:৫৭ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে কোনো অঘটনের শঙ্কা নেই। তিনি উল্লেখ করেন, যে সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে, ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি।

মঙ্গলবার ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগের নির্বাচনে যে ধরনের সহিংসতা হয়েছে, এবার তেমন কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। নির্বাচনের দিন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, আনসার সদস্যরা পৌঁছানোর পর সুরক্ষা অ্যাপ চালু হবে, ড্রোন ব্যবস্থাও আছে, এবং যেখানে বাউন্ডারি নেই, সেখানে তা বসানোর ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, “নির্বাচন উৎসবমুখর এবং ফ্রি-ফেয়ার হবে।”

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা এবং বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি