নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা প্রাঙ্গণে টিসিবি পণ্যের জন্য অপেক্ষায় ছিলেন শত শত মানুষ। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও ট্রাক না আসায় অনেক নিম্ন আয়ের মানুষ খালি হাতে ফিরে যান।
রবিবার দুপুর ১টার দিকে কেন্দুয়া পৌরসভা প্রাঙ্গণে দেখা যায়, তীব্র রোদ উপেক্ষা করে রোজা রাখা মানুষ টিসিবি পণ্যের জন্য ভিড় জমান। একটি সূত্র জানায়, সকাল ১১টার দিকে একটি টিসিবি ট্রাক এসে মাত্র ৪০০ জনের মধ্যে পণ্য বিতরণ করে দ্রুত চলে যায়। এরপর আর কোনো ট্রাক আসেনি।
টিসিবি পণ্য কিনতে আসা সাউদপাড়ার বাসিন্দা রহিম উদ্দিন জানান, সকালেই একটি ট্রাক চলে গেছে, তবে পণ্যের পরিমাণ কেন্দুয়া পৌর এলাকার চাহিদার তুলনায় খুবই কম। অনেকেই পণ্য না পাওয়ায় অসন্তুষ্ট। তারা নবনির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাজার তদারকি জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কেন্দুয়ায় পুনরায় টিসিবি পণ্য সরবরাহ জরুরি।
সীমা আক্তার নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক টিসিবি ট্রাকের পণ্য আরো বাড়ানো উচিত এবং স্বল্প আয়ের মানুষদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
পৌরসভার টিসিবি কর্মকর্তা জানান, সরকারের দেওয়া পণ্য নিয়মানুযায়ী নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে চাহিদা অনেক বেশি হওয়ায় অনেকেই পণ্য না পেয়ে ফিরে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবি কার্যক্রম আরও বিস্তৃত ও পরিকল্পিত করা প্রয়োজন। এতে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে।





