Brick Lane News

অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৬ এএম
অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপি

জুলাই জাতীয় সনদে অবশেষে সই করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদে স্বাক্ষরের জন্য আজ সোমবার সন্ধ্যা ছয়টায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর বাসভবন যমুনায় যাবে।

আজ বেলা সোয়া একটার পর এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রতিনিধিদলে আরও থাকবেন দলের কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মূসা।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত ৪৮টি প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। এতে ‘হ্যাঁ’ ভোট ‘না’-এর চেয়ে দ্বিগুণের বেশি পেয়ে জয়ী হয়। ফলে মৌলিক রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সক্রিয় প্রচার চালায় এনসিপি।

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। পরবর্তীতে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসনসহ বিভিন্ন খাতে সংস্কার কমিশন গঠন করা হয়।

প্রথমে গঠিত ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ৮৪টিতে ঐকমত্য হয়। এসব প্রস্তাব নিয়ে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। এর মধ্যে ৪৮টি সংবিধান-সংক্রান্ত হওয়ায় সেগুলো বাস্তবায়নে গণভোট প্রয়োজন হয়।

গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে সই করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও সনদে স্বাক্ষর করেন। সে সময় এনসিপি সই করেনি।

পরবর্তীতে ১৩ নভেম্বর রাষ্ট্রপতি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেন। ওই আদেশের অধীন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে প্রস্তাবগুলো অনুমোদন পায়। গণভোটে পক্ষে রায় আসার পর এবার আনুষ্ঠানিকভাবে সনদে সই করতে যাচ্ছে এনসিপি।

Related Posts

ড. ইউনূস যেদিন লন্ডনে যান, সেদিনই ভোটের ফল চূড়ান্ত হয়ে যায়: ডা. মোস্তাফিজুর রহমান ইরান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে সূক্ষ্ম ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি