Brick Lane News

নির্বাচনে সহিংসতা, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনসিপির

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৮ ্পিএম
নির্বাচনে সহিংসতা, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনসিপির

ভোটগ্রহণ চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা প্রদান, ব্যালট ছিনতাই এবং জোরপূর্বক ভোটদানের মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনিয়ম অব্যাহত থাকলে নির্বাচন বয়কট বা ফলাফল প্রত্যাখ্যানের বিষয়ে দল সিদ্ধান্ত নিতে পারে।

এনসিপির অভিযোগ, রাজধানীর একাধিক কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কোথাও কোথাও পোলিং এজেন্টদের বের করে দেওয়া, আবার কোনো কোনো কেন্দ্রে এজেন্টের অনুপস্থিতিতে ব্যালটে সিল মারার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। নারী ভোটারদের লাঞ্ছনা, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা এবং ভুয়া এজেন্ট উপস্থিতির অভিযোগও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কয়েকটি জেলায় ককটেল বিস্ফোরণ, ব্যালট বই ছিনতাই এবং সিল মারা ব্যালট উদ্ধারের ঘটনা ঘটেছে। কিছু ভোটার কেন্দ্রে গিয়ে জানতে পেরেছেন, তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে এমন অভিযোগও এসেছে। কোথাও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নির্দিষ্ট প্রতীকে সিল মারার অভিযোগও তোলা হয়।

এছাড়া সাংবাদিক ও সমর্থকদের ওপর হামলা, প্রার্থীর পরিবারের সদস্যদের মারধর এবং মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগও তুলে ধরে দলটি।

মনিরা শারমিন বলেন, রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে ভোট রিগিং ও পরিকল্পিতভাবে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে।

পরিস্থিতির উন্নতি না হলে কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।

Related Posts

সর্বশেষ খবর