ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় গ্রামবাসীর ওপর ছররা গুলি চালানো হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন চরলাপাং গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল হক।
স্থানীয়রা জানায়, ‘সামিউল ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান নবীনগরের মেঘনা নদীতে ইজারার মাধ্যমে বালু উত্তোলন করছে। তবে তারা ইজারার নির্ধারিত সীমা অতিক্রম করে চরলাপাং গ্রামের সীমানায় বালু উত্তোলন করছিল। এতে কৃষিজমি ও বসতভিটা নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
রোববার সকালে স্থানীয়রা বালু উত্তোলনে বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বালু উত্তোলনকারীরা পাশের নরসিংদী জেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় ভাড়াটে লোকজন নিয়ে এসে হামলা চালায় এবং এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে।
আহত চারজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





