Brick Lane News

নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস

প্রকাশিত ৮ ফেব্রুয়ারি ২০২৬ । ১২:০৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন্দ্র করেই আল্লাহ তায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে মির্জা আব্বাস বলেন, আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, কয়েকটি দল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তনের অপচেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মির্জা আব্বাসের দাবি, যারা নিজেরা এসব কর্মকাণ্ডে জড়িত, তারাই উল্টো দায় চাপাচ্ছে অন্য রাজনৈতিক দলের ওপর। কারণ বর্তমানে তাদের সমর্থিত একটি দল ক্ষমতার গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে প্রকাশ্যে ১২ তারিখের পর ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। তার মতে, এই সাহস তারা পেয়েছে কারণ সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের লোক বসানো রয়েছে, যারা প্রয়োজনে নির্বাচনের ফল নিজেদের মতো করে প্রভাবিত করতে পারে।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নিয়মিত নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসকে লক্ষ্য করে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আসছেন। এসব মন্তব্যের প্রতিক্রিয়াতেই বিএনপির এই বর্ষীয়ান নেতা এমন বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি