Brick Lane News

রাজনৈতিক দলগুলোর ইশতেহারে উপেক্ষিত সংখ্যালঘুরা : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

প্রকাশিত ৭ ফেব্রুয়ারি ২০২৬ । ৪:০২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঘোষিত ইশতেহারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের সুস্পষ্ট প্রতিশ্রুতি নেই এমন অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো সরকার গঠনের প্রতিশ্রুতি নিয়ে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেও সেখানে সংখ্যালঘু জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নিরাপত্তার বিষয়টি সামগ্রিকভাবে উপেক্ষিত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দল ও জোটগুলোর এই ‘নির্মম অবহেলা ও উদাসীনতা’ ভবিষ্যতে সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় বড় ধরনের সংকট তৈরি করবে। এর নেতিবাচক প্রভাব যদি নির্বাচনে পড়ে, তবে তার দায় সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর বর্তাবে না বলেও সতর্ক করে দেওয়া হয়।

এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরায় দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংখ্যালঘুদের ওপর সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতাকে ‘রাজনৈতিক বিষয়’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে ঐক্য পরিষদ। এতে ক্ষোভ ও তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনী প্রচারণায় মৌখিক আশ্বাস ও নিরাপত্তার প্রতিশ্রুতি সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে কোনো বাস্তব আস্থা বা বিশ্বাস তৈরি করতে পারছে না।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি