গাইবান্ধা সদর উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে অমিতাভ চন্দ্র সুজন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অমিতাভ চন্দ্র ওই এলাকার নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী (মহুরি) হিসেবে কর্মরত ছিলেন। মা–বাবা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি নিজ বাড়িতে বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন অমিতাভ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ফটক দিয়ে ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের ভাই সুধান চন্দ্র রায় অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং সম্প্রতি হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কুড়াল উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।





