মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা চার ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
শনিবার রাত ৯টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। হাতবোমা বিস্ফোরণের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কিশোর ও তরুণদের অস্ত্র হাতে নিয়ে প্রতিপক্ষের দিকে তেড়ে যেতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। গত দেড় মাসে অন্তত তিনবার তারা সংঘর্ষে জড়িয়েছে। সর্বশেষ ঘটনায় শতাধিক হাতবোমা বিস্ফোরণের পাশাপাশি এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
আহত দুজনকে মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





