Brick Lane News

প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শাহ নেওয়াজ মারা গেছেন

প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শাহ নেওয়াজ মারা গেছেন

অসংখ্য কালজয়ী গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহ নেওয়াজ মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৩৩ মিনিটে কানাডার মন্ট্রিয়ালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে স্বদেশ নেওয়াজ।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর গুরুতর অসুস্থতার কারণে শাহ নেওয়াজকে মন্ট্রিয়ালের রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকাকালীন একাধিকবার লাইফ সাপোর্টে নেওয়া হলেও অবশেষে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

বাংলাদেশের আধুনিক বাংলা গানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শাহ নেওয়াজ। নিভৃতভাবে তিনি সৃষ্ট করেছেন সমৃদ্ধ সংগীতভাণ্ডার, যার সুরে ছিল সংযম, গভীরতা ও অন্তর্মুখী আবেশ। বাংলাদেশ টেলিভিশনের নাটকের মাধ্যমে তার সুরে জন্মেছে বহু স্মরণীয় গান, যেমন—

“আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে / তোমায় নিয়ে ঘর বাঁধিব গহিন বালুচরে”

“দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল / রেললাইন বহে সমান্তরাল”

শাহ নেওয়াজের সুরে গান গেয়েছেন মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোরসহ দেশের সব খ্যাতিমান শিল্পী। বাংলাদেশের বাইরে ভূপেন হাজারিকা ও হৈমন্তী শুক্লারও তার সুরে গান করেছেন।

তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র ও অসংখ্য শ্রোতা রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁকে মন্ট্রিয়লে সমাহিত করা হবে। নিভৃতচারী এই সুরকার চলে গেলেও তাঁর সৃষ্টি বাংলা গানের স্মৃতিতে, অনুভবে ও দীর্ঘশ্বাসে অমর হয়ে থাকবে।

Related Posts

Social Media

সর্বশেষ খবর