Brick Lane News

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাযায় সহোদর ২ আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩০ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। শনিবার সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কারাবন্দি দুই সহোদর হলেন ফরিদুল আলম ও মো. ইসমাঈল। তাদের মা মোস্তফা বেগম (৮০) মারা গেলে শনিবার সকালে কক্সবাজার কারাগার থেকে তারা প্যারোলে মুক্তি পান। বাদ জোহর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তারা।

জানাজা শেষে হাতকড়া পরা অবস্থায় দুই ভাইকে কাঁদতে দেখা যায়। তারা অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। নিজেদের নির্দোষ দাবি করে তারা মায়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং অসুস্থ বাবা নূর আহমদের জন্য সবার কাছে দোয়া চান।

স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথমে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তারা। ওই মামলায় জামিন পাওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির আরেক মামলায় পুনরায় আটক দেখানো হয়। পরে সেখানেও জামিন হলেও আবার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে প্রায় আড়াই মাস ধরে কারাগারে আছেন দুই ভাই। কারাবন্দি থাকায় জীবিত অবস্থায় মায়ের সঙ্গে শেষ দেখা করতে পারেননি তারা।

পরিবার সূত্রে জানা গেছে, তাদের বাবা নূর আহমদ গুরুতর অসুস্থ।

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া বলেন, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জামিন সংক্রান্ত বিষয় আদালতের এখতিয়ারভুক্ত, এ বিষয়ে পুলিশের কোনো ভূমিকা নেই।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি