Brick Lane News

কুষ্টিয়ায় চুরি হয়ে গেল ভোটকেন্দ্রের চুরি ঠেকানোর সিসি ক্যামেরা

কুষ্টিয়ায় চুরি হয়ে গেল ভোটকেন্দ্রের চুরি ঠেকানোর সিসি ক্যামেরা

কুষ্টিয়া–২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি টের পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করে। এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রশাসন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। সকালে বিদ্যালয় খুললে চুরির বিষয়টি ধরা পড়ে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ সকালে তাকে বিষয়টি জানায়। তিনি জানান, বুধবার সকালে ওই কেন্দ্রে নতুন করে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক চুরির ঘটনায় থানায় জিডি করেছেন। এখন পর্যন্ত চুরি হওয়া ক্যামেরা উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।

ভেড়ামারা ও মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া–২ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ১ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে।

Related Posts

Social Media

সর্বশেষ খবর