Skip to main content

Brick Lane News

ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানীর অভিযোগে তিন পুলিশ সদস্য ক্লোজড

ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানীর অভিযোগে তিন পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও অভিযানে থাকা আরেক কনস্টেবলকে তাৎক্ষণিক ক্লোজ করা হয়েছে

পরিবার জানায়, জাতীয় দলের ডানহাতি অফস্পিনার নাঈম হাসান বিমানবন্দর থেকে নামার পর সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। খুলশী থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা নাঈম হাসানকে হেনস্তা করেন।

বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। নাঈমের পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় একটি এজাহার দায়ের করা হলে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা হিসেবে তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম আমাকে কিছু জানাননি। থানায় নিয়ে আসার পর ক্রিকেটার নাঈমের পরিচয় জানতে পারি। দুঃখ প্রকাশ করে সসম্মানে থানা থেকে তাকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা থানা থেকে যাবেন না জানান। পরে এ ঘটনায় মামলা হয়েছে।

চট্টগ্রামের সন্তান নাঈম হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নিয়মিত এবং সম্ভাবনাময় অফস্পিনার। ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৭ বছর ৩৫৬ দিন বয়সে তার টেস্ট অভিষেক হয়। অভিষেক টেস্টেই পাঁচ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েছিলেন এই তরুণ তুর্কি; যা টেস্ট ইতিহাসের কনিষ্ঠতম বোলার হিসেবে ডেবিউতে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড।