Brick Lane News

ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে ৯৯৯-এ ফোন করলেন বাবা

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১১ ্পিএম
ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে ৯৯৯-এ ফোন করলেন বাবা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। হত্যার পর অভিযুক্ত বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

রোববার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে অভিযুক্ত আব্দুল বারেক খান (৫৫)কে আটক করেছে।

কাঠালিয়া থানার ওসি মো. নাসের রহমান জানান, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং এলাকাবাসীর সঙ্গেও বিরোধে জড়াতেন। এতে পরিবার ও এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

ঘটনার আগের দিন সকালে শুভ বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে ফিরে টাকা না দিলে মা-বাবাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ। বিষয়টি স্ত্রী খুশি বেগম স্বামীকে জানালে তিনি নিরাপত্তার আশঙ্কায় রাতে অন্য ঘরে ঘুমান।

পুলিশ জানায়, ভোররাতে আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজেই ৯৯৯–এ ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাঁকে আটক করে।

এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামীকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সদস্যদের মারধর করতেন। ঘটনার রাতে টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি