সাতক্ষীরার কলারোয়ায় দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুর রহমানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জাতীয় নির্বাচনের পরদিন শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আব্দুর রহমান কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী আব্দুর রহমান জানান, ৬ থেকে ৭ জনের একটি দুর্বৃত্তের দল তাঁর বাসায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে একটি মোটরসাইকেল, নগদ টাকা, আসবাবপত্র, চালসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী পুড়ে যায়। আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আগুন লাগার পরপরই তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
শনিবার দুপুরের পর কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গত বছর কুরবানির ঈদের প্রায় এক সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন আব্দুর রহমানের ওপর হামলা চালায়। ওই সময় তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন।
ওসি আরও জানান, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর হামলাকারীরা তাঁর বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় সে সময় তিনি থানায় মামলা করেননি।
শুক্রবার ভোর থেকে আব্দুর রহমান নিরাপত্তার কারণে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। দিনে পরিবারের সদস্যরা বাড়িতে থাকলেও রাতে ভয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিচ্ছেন।
ঘটনাস্থল থেকে পাঁচটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।





