Brick Lane News

সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। তিনি নিজ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে লিখিতভাবে আবেদন করেন। ইতোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় অনিয়ম ও ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে বিচারপতি নাইমা হায়দারসহ হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলমান থাকায় এই অবস্থার মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেন।

চলতি বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৯ জন এখন আর বিচারিক দায়িত্বে নেই। কেউ তদন্ত শেষে বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ অবসরে চলে গেছেন। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বর্তমানে কোনো বেঞ্চে বিচারিক দায়িত্ব পালন করছেন না।

এ ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ ওঠায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকেও ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো এই ১৩ জনের বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুই বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁদের একজন বিচারপতি মামনুন রহমান, যিনি ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

বিচারপতি নাইমা হায়দার সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি কলাম্বিয়া, সাউদার্ন, অক্সফোর্ড, বার্কেলি ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।

তিনি ১৯৮৯ সালে জেলা আদালতে আইন পেশায় যোগ দেন। ১৯৯৩ সালে হাইকোর্ট এবং ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৬ জুন তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হন।

Related Posts

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ করল আবেগাপ্লুত বিসিবি সভাপতি আমিনুল

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন, বোর্ডরুম দ্বন্দ্ব ও বৈষম্যের অভিযোগে বিশ্ব ক্রিকেট যখন গভীর অনিশ্চয়তায়, তখন ভিন্ন সুরে কথা...

Read more

Social Media

সর্বশেষ খবর