Brick Lane News

জামায়াত ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে : মেজর হাফিজ

জামায়াত ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে দলীয় প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বাংলাদেশ ধ্বংসের মুখে পড়বে এবং দেশে তালেবানি রাষ্ট্র কায়েম হবে। তিনি বলেন, “বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতের স্লোগান। আমরা এই দর্শন বিশ্বাস করি না, এটা ইসলামের শিক্ষা নয়।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে এমন দেশই বিএনপির লক্ষ্য।” তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী যত বড় বক্তৃতাই দিক বা যতবারই বেহেশত বিক্রির চেষ্টা করুক, বাস্তবতা হলো আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।

সরকার ও ছাত্র রাজনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ এবং দেশে-বিদেশে তাঁর সুনাম রয়েছে বলেই বিএনপি তাঁকে সরকারপ্রধান হিসেবে মেনে নিয়েছে। তবে দেড় বছরে তাঁর সরকার দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি। ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পরও ছাত্ররা ক্ষমতার অংশীদার হয়নি, অথচ পরে উপদেষ্টা বানিয়ে লুটপাট শুরু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “ছাত্রদের মূল কাজ পড়াশোনা করা। রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণেই বারবার অস্থিরতা তৈরি হচ্ছে।”

জনসভায় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো. ইউছুপ মেম্বার, পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Related Posts

Social Media

সর্বশেষ খবর