পাবনায় তেল পাম্পে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক জামায়াত নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এ অভিযান পরিচালনা করেন। এ সময় সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জেলা জামায়াতের রোকন ও হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন আলম হাজীর অবৈধ তেল পাম্পে গোপনে বিপুল পরিমাণ তেল মজুত করে রাখা হয়েছিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীমের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
সরকারের নজর এড়িয়ে এসব তেল সংরক্ষণ ও বাণিজ্যের মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরির অভিযোগ ওঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে। দীর্ঘ দুই ঘণ্টা অভিযান চালিয়ে পাম্পটিতে ব্যাপক অনিয়ম ও অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতকৃত অবস্থায় পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাম্প কর্তৃপক্ষ পেট্রল মজুত ও বিক্রির স্বপক্ষে আইনগত অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ২০২১ সালে নভেম্বর মাসে ওই নেতার অবৈধ তেল পাম্পে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। সে সময় ঝুঁকিপূর্ণ ও নিয়ম না মেনে অবৈধ পাম্প পরিচালনার বিষয়টি সামনে এলে চাপে পড়েন জাহাঙ্গীর। কিন্তু পরবর্তীতে প্রশাসনকে ম্যানেজ করে আবারও অবৈধ ব্যবসা পরিচালনা করছিলেন তিনি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম বলেন, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী সতর্ক ও জরিমানা করে কাগজপত্র শুধরে নিতে সময় দেওয়া হয়েছে। আমরা এই পাম্পটি নজরদারিতে রেখেছি। সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





