Brick Lane News

নতুন করে আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০১ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আদালতের নির্দেশে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৩০ জুলাই কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় চিটাগাং রোড এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান।

মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বর্তমানে কারাগারে থাকায় আদালতের মাধ্যমে তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ৪১ নম্বর মামলাতেও আদালতের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই দিন ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় তিনি জামিন পান।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের নভেম্বর মাসে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দিলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়। পরবর্তীতে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি