Brick Lane News

ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরান বলল ‘এক লিটার তেলও যাবে না’

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১০:৫৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল রপ্তানি বন্ধের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর আরও ভয়াবহ আঘাত হানবে। ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও যাবে না’ কোনো আগ্রাসী শক্তির কাছে।

আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি বলেছেন, জ্বালানি তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার পশ্চিমা চেষ্টা স্রেফ পণ্ডশ্রম।

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এমন উত্তপ্ত বাক্যবিনিময় সত্ত্বেও অপরিশোধিত তেলের বাজারে বড় ধরনের দরপতন এবং বিশ্বজুড়ে শেয়ার বাজারে চাঞ্চল্য দেখা গেছে। ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগ দিয়ে প্রতিরোধের ইঙ্গিত দিলেও, ট্রাম্প এই শত্রুতা দ্রুত শেষ হওয়ার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করায় বাজারে এই ইতিবাচক প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প সোমবার (৯ মার্চ) জানিয়েছেন, ইরানের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র। তিনি আশা করেন, তার নির্ধারিত চার সপ্তাহের সময়সীমার অনেক আগেই এই সংঘাত শেষ হবে। তবে ‘বিজয়’ বলতে তিনি ঠিক কী বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি।

অন্যদিকে ইসরায়েল বলছে তাদের যুদ্ধের লক্ষ্য ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার পতন ঘটানো। মার্কিন কর্মকর্তারা বলছেন ওয়াশিংটনের লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, তবে ট্রাম্পের মতে যুদ্ধ কেবল একটি অনুগত ইরানি সরকার গঠনের মাধ্যমেই শেষ হতে পারে।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের তথ্যমতে, ফেব্রুয়ারির শেষে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অন্তত ১ হাজারর ৩৩২ জন ইরানি বেসামরিক নাগরিক নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

বিশ্বের এক-পঞ্চমাংশ তেল সরবরাহকারী পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচলে ইরান বাধা দিলে মার্কিন হামলা তীব্রতর হবে বলে ট্রাম্প হুঁশিয়ারি দেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তাদের ওপর এমন জোরে আঘাত করব যে তাদের পক্ষে বা তাদের সহযোগীদের পক্ষে বিশ্বের ওই অংশটি আর কখনোই পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি