ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৯টার দিকে রমেশ চন্দ্র সেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক অনুপম পাল সকাল ৯টা ২৯ মিনিটে তাঁকে ‘ব্রট ডেথ’ ঘোষণা করেন।
রমেশ চন্দ্র সেনের জন্ম ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে। তাঁর বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
কারা কর্তৃপক্ষ জানায়, গত ১৭ আগস্ট তাঁকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। তিনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন এবং কারাগারে আনার আগেও তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
রমেশ চন্দ্র সেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ১৭ আগস্ট নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।





