Brick Lane News

ইবনে সিনার শীর্ষ পদে নিয়োগে ধর্মীয় ও লিঙ্গ বৈষম্য বেআইনি নয় কেন; হাইকোর্টের রুল

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১০ পিএম

হাইকোর্ট সরকারের কাছে জানতে চেয়েছেন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু মুসলিম ও পুরুষদের আবেদন চেয়ে দেওয়া চাকরির বিজ্ঞপ্তিতে লিঙ্গ ও ধর্মভিত্তিক বৈষম্য কেন লঙ্ঘন হিসেবে ঘোষণা করা হবে না।

সোমবার এ-সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে, সরকারি-বেসরকারি সব কর্মস্থলে বৈষম্যহীনভাবে চাকরির নীতিমালা তৈরি ও বাস্তবায়নের বিষয়েও কেন আদেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস গত ২৬ জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র পুরুষ ও মুসলিমরা আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিকে বৈষম্যমূলক দাবি করে আইনজীবী অনামিকা নাহরিন হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে বলা হয়েছে, চাকরিতে লিঙ্গ, ধর্ম বা অন্য কোনো কারণে বৈষম্য করা অবৈধ এবং সনবিধান অনুযায়ী সকল নাগরিককে সমান অধিকার প্রদানের জন্য নীতিমালা অনুসরণ করতে হবে। হাইকোর্ট সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে এবং বৈষম্যহীন নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা প্রদানের সম্ভাব্য আদেশও বিবেচনা করবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি