Brick Lane News

রাজশাহীতে গুলি করে এক দিনমজুরকে হত্যা

প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ । ৫:২৫ পিএম

রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় মো. গোলাম মোস্তফা (৫০) নামে এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা মতিহার থানার ডাঁসমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে।
স্বজনদের বরাতে জানা যায়, মোস্তফা নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন। খোঁজাপুর কবরস্থানের সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) সোহেল রানা বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। এখনো হত্যার কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন এবং কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না। কে বা কারা তাকে গুলি করেছে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি