ফেনীর ছাগলনাইয়ায় জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ। এ সময় বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।
আটকদের মধ্যে বিএনপির ৭ জন এবং জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে ১৩ জনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।





