Brick Lane News

নিপাহ ভাইরাসে নওগাঁয় এক নারীর মৃত্যু

প্রকাশিত ৭ ফেব্রুয়ারি ২০২৬ । ১:২২ পিএম

নওগাঁ জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরে দেশে এটি নিপাহ ভাইরাসের প্রথম মৃত্যু।

নওগাঁ সিভিল সার্জন অফিস জানিয়েছে, মৃত রোগী ৪০–৫০ বছরের নারী। ২১ জানুয়ারি থেকে তাঁর শরীরে জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অবস্থা অবনতি হওয়ায় ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষ্মা এবং রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় নিপাহ ভাইরাস ধরা পড়ে এবং ২৮ জানুয়ারি ওই নারী মারা যান।

সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, “আইইডিসিআর থেকে আজ গণমাধ্যমকে তথ্য জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত নিশ্চিতকরণ পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে। মৃত রোগীর সম্প্রতি কোনো ভ্রমণের ইতিহাস ছিল না, তবে অসুস্থ হওয়ার আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন।”

তিনি আরও বলেন, নিপাহ ভাইরাসের প্রধান বাহক হলো ‘টেরোপাস’ প্রজাতির ফলাহারি বাদুড়। শীতকালে বাদুড়রা খেজুরের রস সংগ্রহের পাত্র থেকে লালা বা মলমূত্রের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। এই কাঁচা রস মানুষ পান করলে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি