Brick Lane News

পোশাক কিনতে গিয়ে মায়ের সামনে লাশ হলো ফাহাদ

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ২:৫৩ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি দোকানের নির্মাণাধীন দেওয়াল ভেঙে চাপা পড়ে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে তার মায়ের সঙ্গে বাজারে ঈদের পোশাক কিনতে এসেছিল। মায়ের সামনেই তাকে লাশ হতে হয়েছে। ছেলের মৃত্যু দেখে তার মা অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় আল মনসুত ড্রাগ হাউসের নির্মাণাধীন দোকানের দেওয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে উপজেলার ইছাপুর ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলমের কোমর ভেঙে গেছে বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত ফাহাদ রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের আহমদ আলী গাজী বাড়ির সৌদি প্রবাসী আলমগীর হোসেন বকুলের ছেলে। সে স্থানীয় নিচহরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয়রা জানান, ফাহাদ তার মা নাছিমা বেগমের সঙ্গে বাজারে ঈদের পোশাক কিনা ও সেলাইমেশিন মেরামতের জন্য আসে। আল মনসুর ড্রাগ হাউসের পাশেই তারা সেলাই মেশিনটি ঠিক করতে দেয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ছেলেটি তার মায়ের সঙ্গে আল মনসুর ড্রাগ হাউসের সামনে দাঁড়ানো ছিল। একপর্যায়ে ডান দিকে পা বাড়াতেই নির্মাণাধীন ড্রাগ হাউসের ছাদের পুরনো দেওয়াল তার ওপর ধসে পড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ফাহাদ ও তার মা পথচারী ছিল। দেওয়াল ধসে পড়ে ফাহাদ মারা গেছে। তার মাও আহত হয়েছেন। এ ঘটনায় কেউ আটক নেই। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ঘটনার তদন্ত চলছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি