Brick Lane News

হল দখল করতে গিয়ে কুবিতে নিজ কর্মীদের রক্তাক্ত করলেন ছাত্রদল নেতা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৮ ্পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সিট দখল ও বহিরাগত তোলাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হলের তৃতীয় তলার ছাদে এ ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হন।

অভিযুক্তরা হলেন কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ৮ম ব্যাচের সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান, একই ব্যাচের সাইফুল, ১২তম ব্যাচের তরিকুল এবং ১৮তম ব্যাচের শিক্ষার্থী সিফাত। ভুক্তভোগীরা হলেন নৃবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের মাজহারুল ইসলাম আবির, অর্থনীতি বিভাগের ১৭তম ব্যাচের তোফায়েল আহমেদ নিবিড় এবং একই ব্যাচের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী কাব্য। কাব্য বর্তমানে চিকিৎসাধীন। ভুক্তভোগীরাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

আবাসিক শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি আতিকুর রহমান হল কর্তৃপক্ষকে না জানিয়ে ৫০০২ নম্বর কক্ষে অবস্থান নেন এবং ১৯তম আবর্তনের এক কর্মীকে সেখানে তোলেন। একইভাবে ২০৪ নম্বর কক্ষে সিফাতকে নিয়মবহির্ভূতভাবে রাখার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ১৮ ব্যাচের শিক্ষার্থীরা আপত্তি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় আতিকুর রহমান কয়েকজন অনাবাসিক শিক্ষার্থী ও কর্মীকে নিয়ে বিভিন্ন কক্ষে গিয়ে সিট বণ্টনের নির্দেশ দেন। এ নিয়ে মৌখিক বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে রাতে উত্তেজনা বাড়ে। একপর্যায়ে আতিকুর রহমান নিবিড়ের কলার ধরে থাপ্পড় মারেন। বাধা দিতে গেলে আবিরকে ধাক্কা দেওয়া হয় এবং কাব্যকে নাকে ঘুসি মারা হলে তার নাক ফেটে যায়। পরে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্তরা হল ত্যাগ করেন।

ঘটনার পর আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং হলে বহিরাগত প্রবেশ বন্ধ ও জড়িতদের শাস্তির দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দলীয় পরিচয়ে অছাত্রদের হলে তোলার চেষ্টা চলছে এবং ক্ষমতার পরিবর্তনের পর একটি পক্ষ হল দখলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিজয় চব্বিশ হলসহ আরও কয়েকটি হলেও একই ধরনের অভিযোগ রয়েছে।

অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, বিষয়টি সাংগঠনিকভাবে সমাধান করা হবে। হল প্রাধ্যক্ষ ড. ম. জনি আলম বলেন, ঘটনা তদন্ত করে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি