জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সমাবেশে সলিম উল্লাহ সেলিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনো দলের সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক সৌজন্য ও শালীনতা বজায় রাখা প্রয়োজন। ব্যক্তিগত আক্রমণ কিংবা অশালীন বক্তব্য পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সমালোচনা করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীকেও প্রত্যাখ্যানের আহ্বান জানান। তারা বলেন, দেশের রাজনীতিতে জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
এর আগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।