Brick Lane News

নিরঙ্কুশ বিজয় পেয়ে দুই যুগ পর সরকারে যাচ্ছে বিএনপি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৩ ্পিএম
নিরঙ্কুশ বিজয় পেয়ে দুই যুগ পর সরকারে যাচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় দুই যুগ পর দলটি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে।

মাঠপর্যায়ে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে দেখা গেছে, ২৯৯টি আসনে অনুষ্ঠিত ভোটের মধ্যে এ পর্যন্ত ২০৭টি আসনে জয় পেয়েছে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা। সব মিলিয়ে দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসন পেতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

৩০০ আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত করা হয়। বাকি ২৯৯টি আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বেলা পৌনে একটা পর্যন্ত ২৮৮টি আসনের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যায়, জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছে ৭৩টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন। স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন সাতটি আসনে। অবশিষ্ট কয়েকটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের ফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেছেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, জনগণের সমর্থনে দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। প্রাপ্ত ভোট ও আসনভিত্তিক তথ্যের ভিত্তিতে তারা এই বিজয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।

Related Posts

সর্বশেষ খবর