Brick Lane News

এবার বিএনপির সব পদ থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২৬ । ৩:৩৯ পিএম

দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী বক্তব্য ও কার্যকলাপের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় গেলে কেউ অন্য দলে ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। বক্তব্যে তিনি এটিকে হুমকি নয় বলে দাবি করেন এবং প্রকাশ্যে রেকর্ড করার কথাও বলেন।

ভাইরাল ভিডিওতে আরও শোনা যায়, ‘আমাকে অপমান করা হলে সেই অপমানের শোধ আমি নেব।’ একই বক্তব্যে তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট চাইতেও দেখা যায়।

তবে মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করেছেন, তার বক্তব্যের অংশবিশেষ কেটে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিও শেয়ার করে বলেন, এটি ব্যক্তিগত আক্ষেপ থেকে নিজ এলাকায় আত্মীয়দের সামনে বলা কথা ছিল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য দলীয় অবস্থান নয় এবং এটি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি