Brick Lane News

বিডার চেয়ারম্যান আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ

বিডার চেয়ারম্যান আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কয়েকজনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এ সময় তাদেরকে ‘ইকোনমিক হিটম্যান’ হিসেবে আখ্যায়িত করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যে ‘সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ইকোনমিক হিটম্যান’ বলতে সেইসব প্রভাবশালী মধ্যস্থতাকারীদের বোঝানো হয়, যারা উন্নয়ন ঋণ, নীতি-পরামর্শ ও করপোরেট চুক্তির আড়ালে উন্নয়নশীল দেশগুলোকে ঝুঁকিপূর্ণ ঋণ, অসম চুক্তি ও কৌশলগত বিনিয়োগের ফাঁদে আবদ্ধ করেন। এর ফলে সংশ্লিষ্ট দেশের কৌশলগত সম্পদ, অর্থনৈতিক নীতি ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে।

কর্মসূচিতে সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের পক্ষে অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুহিউদ্দিন রাহাত বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে চুক্তিতে ইজারা দেওয়ার জন্য ঠিক নির্বাচনের আগমুহূর্তে সরকার অনেক বেশি তোড়জোড় করছে। যেন এই বন্দরটা দিতে না পারলে সরকারের যে মিশন-ভিশন ছিল, সেটা সম্পূর্ণ ফেইলড (ব্যর্থ) হয়ে যাবে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সরকারের ভেতরে চার ব্যক্তি বিদেশি কোম্পানির কাছ থেকে কমিশন নিয়ে নিউমুরিং টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার চেষ্টা করছেন। তাঁর দাবি, এই চার ব্যক্তি চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার জন্য নানাভাবে লবিং চালিয়ে যাচ্ছেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল চৌধুরী বলেন, এখানে শুধু এই বন্দর জড়িত না, আমাদের পাহাড়ও জড়িত। পাহাড়ের যে ভূমি আছে, এটা হুমকির মুখে থাকবে।

এ জন্য আমরা সরকারের কাছে দ্রুত সমাধান চাই।

Related Posts

Social Media

সর্বশেষ খবর