Brick Lane News

ভুলের জন্য ক্ষমা চেয়ে নিজেকে ভুলে যেতে অনুরোধ বাণিজ্য উপদেষ্টার

প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:২৭ এএম

নতুন সরকার গঠনের পরপরই দায়িত্ব ছেড়ে পেশাগত জীবনে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “আমি আগে কখনো কোনো যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না। আবারও সেই নিরিবিলি জীবনে ফিরে যেতে চাই। আমার ভুলত্রুটি থাকতেই পারে সেজন্য ক্ষমা করবেন। তবে একটি শেষ অনুরোধ, আমাকে দয়া করে ভুলে যাবেন।”

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ চুক্তি সই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, সাংবাদিকদের প্রশ্ন ও অনুসন্ধান তাকে জবাবদিহির মধ্যে রেখেছে, যা কাজের গতি বাড়ানোর পাশাপাশি ভুল সংশোধনের সুযোগ তৈরি করেছে।

তিনি জানান, সরকারে দায়িত্ব নেওয়ার সময় তার তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। তবে সৎভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। “কারও প্রতি বৈষম্য বা স্বজনপ্রীতি করিনি। আল্লাহর রহমতে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পেয়েছি,” বলেন তিনি।

প্রধান উপদেষ্টার দিকনির্দেশনার প্রশংসা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রয়োজন হলেই তিনি আন্তরিকতা ও প্রজ্ঞার সঙ্গে পরামর্শ ও নির্দেশনা পেয়েছেন। “যা কিছু অর্জন হয়েছে, তার পেছনে প্রধান উপদেষ্টার নির্দেশনা বড় ভূমিকা রেখেছে,” যোগ করেন তিনি।

শেষে আবারও অনুরোধ জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, “ইনশাআল্লাহ নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমি আমার কর্মজীবনে ফিরে যাব। আশা করি, আপনারা আমাকে মাফ করবেন এবং ভুলে যাবেন। আমি ভুলে থাকতে চাই।”

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি