বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি (ART) স্বাক্ষর করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (USTR) জানিয়েছে, চুক্তির আওতায় ১,৫৫৫টি পণ্য বাংলাদেশের বাজারে ঢুকবে শুল্কমুক্ত সুবিধায়।
চুক্তির আওতায় পণ্যগুলোকে ‘এন্ট্রি ইনটু ফোর্স’ (EIF) শ্রেণিতে ভাগ করা হয়েছে। এতে রয়েছে গবাদি পশু, মাংস, মাছ, দুধ ও দুগ্ধজাত পণ্য, শাকসবজি ও ফলমূল, রাসায়নিক ও ওষুধ, টেক্সটাইল, পোশাক, যন্ত্রপাতি এবং অন্যান্য শিল্পজাত পণ্য।
EIF তালিকায় উল্লেখযোগ্য পণ্যসমূহের মধ্যে রয়েছে ঘোড়া, গাধা, শুকর, ভেড়া, ছাগল, মুরগি, টুনা, স্যামন, হ্যালিবাট, ডিম, পনির, নির্দিষ্ট আলু, টমেটো, মাশরুম, আনারস, অ্যাভোকাডো, আম, স্ট্রবেরি, রেশম, তুলা, ট্র্যাকসুট এবং শিল্প যন্ত্রপাতি যেমন বয়লার, ইঞ্জিন, পাম্প, ফ্যান ও প্রিন্টিং মেশিনারি।
সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। জেমিসন গ্রিয়ার বলেন, “বাংলাদেশের সঙ্গে এই পারস্পরিক বাণিজ্য চুক্তি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। এটি বাজার উন্মুক্ত করা, বাণিজ্য বাধা দূর করা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।”
চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে EIF-শ্রেণিভুক্ত পণ্যগুলো শুল্কমুক্ত সুবিধা পাবে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।





