নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ওই দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে দিয়ে কর্নেল অলি আহমদকে স্বাধীনতার ঘোষক বানানোর অপচেষ্টা চালাচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাবর।
তিনি বলেন, “যারা আবোল-তাবোল কথা বলছে, তাদের একমাত্র কাজ মুনাফেকি করা। এই মুনাফেকির বিষয়ে আমাদের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে।”
১৯৭১ ও ২০২৪ সালকে এক কাতারে আনার চেষ্টার সমালোচনা করে বাবর বলেন, যারা এ দুটি ঘটনাকে একসঙ্গে তুলনা করতে চায়, তারা প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি বলেন, “আমরা ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধকে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তেমনি ২০২৪-এর গণঅভ্যুত্থানকেও সম্মান জানাই। কিন্তু ১৯৭১ নিয়ে কথা বললে কিছু মানুষ নীরব হয়ে যায়।”
বাবর আরও বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থেকেও আন্দোলন ও রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করেছে। বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি।
পাশাপাশি মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িকে মাদক ও জুয়ামুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন বিএনপির এই নেতা।
মদন উপজেলা বিএনপির সভাপতি এন আলমের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।





