Brick Lane News

ধানমন্ডিতে মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩০ এএম

রাজধানীর ধানমন্ডিতে ভোরে মিছিল করার সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।

পুলিশ জানায়, ভোরে ২০ থেকে ২৫ জন নারী ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। তারা স্লোগান দিতে দিতে ২ নম্বর সড়ক থেকে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হচ্ছিলেন।

খবর পেয়ে ধানমন্ডি মডেল থানার টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রীকে আটক করা হয়। তবে মিছিলে অংশ নেওয়া অন্যরা দ্রুত সরে যান।

পুলিশ জানিয়েছে, মিছিলে অংশগ্রহণকারীদের বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। গাড়িটির চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি