Brick Lane News

পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩২ এএম

দেশের অর্থনীতির বর্তমান সংকট মোকাবিলায় রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতি শক্তিশালী করতে হলে ট্যাক্স বাড়াতে হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়।

শুক্রবার বিকেলে নগরীর পতেঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য সম্ভাব্য জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জিং। এ অবস্থা কাটিয়ে উঠতে সরকার রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। বিএনপি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনের আগে জাতির কাছে যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে। শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বাজেটেও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকায় একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। হাসপাতালটিতে বিশেষায়িত কয়েকটি ইউনিট থাকবে। পাশাপাশি নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশের এ খাতে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত বড় জায়গা চূড়ান্ত করতে কয়েকটি স্থান পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সব দিক বিবেচনা করে উপযুক্ত স্থান নির্বাচন করা হবে, যাতে জনগণ সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে। চট্টগ্রাম-১১ আসনের জন্য ঘোষিত ‘১১ তে ১১’ ইশতেহারের প্রতিশ্রুতিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি